গভীর রাতে ভক্তিভরে কে জাগে আজ, কে জাগে। সপ্ত ভুবন আলো করে লক্ষ্মী আসেন, কে জাগে। ষোলো কলায় পূর্ণ শশী, নিশার আঁধার গেছে খসি– একলা ঘরের দুয়ার-’পরে কে জাগে আজ, কে জাগে। ভরেছ কি ফুলের সাজি। পেতেছ কি আসন আজি। সাজিয়ে অর্ঘ্য পূজার তরে কে জাগে আজ, কে জাগে। আজ যদি রোস্ ঘুমে মগন চলে যাবে শুভলগন, লক্ষ্মী এসে যাবেন স’রে– কে জাগে আজ কে জাগে।।
দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে? বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে। জ্বলতে দে তোর আগুনটারে, ভয় কিছু না করিস তারে, ছাই হয়ে সে নিভবে যখন জ্বলবে না আর কভু তবে। এড়িয়ে তাঁরে পালাস না রে ধরা দিতে হোস না কাতর। দীর্ঘ পথে ছুটে কেবল দীর্ঘ করিস দুঃখটা তোর মরতে মরতে মরণটারে শেষ করে দে একেবারে, তার পরে সেই জীবন এসে আপন আসন আপনি লবে।