সভায় তোমার থাকি সবার শাসনে, আমার কণ্ঠে সেথায় সুর কেঁপে যায় ত্রাসনে ॥ তাকায় সকল লোকে, তখন দেখতে না পাই চোখে কোথায় অভয় হাসি হাসো আপন আসনে ॥ কবে আমার এ লজ্জাভয় খসাবে, তোমার একলা ঘরের নিরালাতে বসাবে। যা শোনাবার আছে গাব ওই চরণের কাছে, দ্বারের আড়াল হতে শোনে বা কেউ না শোনে ॥
কে বলে 'যাও যাও'-- আমার যাওয়া তো নয় যাওয়া। টুটবে আগল বারে বারে তোমার দ্বারে, লাগবে আমায় ফিরে ফিরে ফিরে-আসার হাওয়া ॥ ভাসাও আমায় ভাঁটার টানে অকূল-পানে, আবার জোয়ার-জলে তীরের তলে ফিরে তরী বাওয়া ॥ পথিক আমি, পথেই বাসা-- আমার যেমন যাওয়া তেমনি আসা। ভোরের আলোয় আমার তারা হোক-না হারা, আবার জ্বলবে সাঁজে আঁধার-মাঝে তারি নীরব চাওয়া ॥
তাই হোক তবে তাই হোক, কেটে যাক রঙিন কুয়াশা, দেখা দিক শুভ্র আলোক। মায়া ছেড়ে দিক পথ, প্রেমের আসুক জয়রথ, রূপের অতীত রূপ দেখে যেন প্রেমিকের চোখ-- দৃষ্টি হতে খসে যাক, খসে যাক মোহনির্মোক॥