দিবস রজনী, আমি যেন কার আশায় আশায় থাকি। (তাই) চমকিত মন, চকিত শ্রবণ, তৃষিত আকুল আঁখি। চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই, সদা মনে হয় যদি দেখা পাই, "কে আসিছে" বলে চমকিয়ে চাই কাননে ডাকিলে পাখি। জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপনের আশে, ঘুমের আড়ালে যদি ধরা দেয়, বাঁধিব স্বপনপাশে। এত ভালোবাসি, এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই, যেন এ বাসনা ব্যাকুল আবেগে, তাহারে আনিবে ডাকি।
কোন্ খেলা যে খেলব কখন্ ভাবি বসে সেই কথাটাই-- তোমার আপন খেলার সাথি করো, তা হলে আর ভাবনা তো নাই ॥ শিশির-ভেজা সকালবেলা আজ কি তোমার ছুটির খেলা-- বর্ষণহীন মেঘের মেলা তার সনে মোর মনকে ভাসাই ॥ তোমার নিঠুর খেলা খেলবে যে দিন বাজবে সে দিন ভীষণ ভেরী-- ঘনাবে মেঘ, আঁধার হবে, কাঁদবে হাওয়া আকাশ ঘেরি। সে দিন যেন তোমার ডাকে ঘরের বাঁধন আর না থাকে-- অকাতরে পরানটাকে প্রলয়দোলায় দোলাতে চাই ॥