উদাসিনী সে বিদেশিনী কে নাই বা তারে জানি মনে জাগে নব নব রাগে তারি মরীচিকা-ছবিখানি॥ পুবের হাওয়ায় তরীখানি তার ভাঙা এ ঘাট কবে হল পার, রঙিন মেঘে আর রঙিন পালে তার করে গেল কানাকানি॥ একা আলসে গণি বসে পলাতকা যত ঢেউ। যায় তারা যায়, ফেরে না, চায় না পিছু-পানে আর কেউ। জানি তার নাগাল পাব না, আমার ভাবনা শূন্যে শূন্যে কুড়ায়ে বেড়ায় বাদলের বাণী॥
মনে যে আশা লয়ে এসেছি হল না, হল না হে। ওই মুখপানে চেয়ে ফিরিনু লুকাতে আঁখিজল, বেদনা রহিল মনে মনে॥ তুমি কেন হেসে চাও, হেসে যাও হে, আমি কেন কেঁদে ফিরি-- কেন আমি কম্পিত হৃদয়খানি, কেন যাও দূরে না দেখে॥
সে যে পাশে এসে বসেছিল, তবু জাগি নি। কী ঘুম তোরে পেয়েছিল হতভাগিনি॥ এসেছিল নীরব রাতে, বীণাখানি ছিল হাতে-- স্বপনমাঝে বাজিয়ে গেল গভীর রাগিণী॥ জেগে দেখি দখিন-হাওয়া, পাগল করিয়া গন্ধ তাহার ভেসে বেড়ায় আঁধার ভরিয়া। কেন আমার রজনী যায়, কাছে পেয়ে কাছে না পায়-- কেন গো তার মালার পরশ বুকে লাগি নি॥