অসীম সংসারে যার কেহ নাহি কাঁদিবার সে কেন গো কাঁদিছে! অশ্রুজল মুছিবার নাহি রে অঞ্চল যার সেও কেন কাঁদিছে! কেহ যার দুঃখগান শুনিতে পাতে না কান, বিমুখ সে হয় যারে শুনাইতে চায়, সে আর কিসের আশে রয়েছে সংসারপাশে-- জ্বলন্ত পরান বহে কিসের আশায়॥
না না, ভুল কোরো না গো, ভুল কোরো না, ভুল কোরো না ভালোবাসায়। ভুলায়ো না, ভুলায়ো না, ভুলায়ো না নিষ্ফল আশায়॥ বিচ্ছেদদুঃখ নিয়ে আমি থাকি, দেয় না সে ফাঁকি, পরিচিত আমি তারি ভাষায়॥ দয়ার ছলে তুমি হোয়ো না নিদয়। হৃদয় দিতে চেয়ে ভেঙো না হৃদয়। রেখো না লুব্ধ করে, মরণের বাঁশিতে মুগ্ধ করে টেনে নিয়ে যেয়ো না সর্বনাশায়॥