আমরা দূর আকাশের নেশায় মাতাল ঘরভোলা সব যত– বকুলবনের গন্ধে আকুল মউমাছিদের মতো।। সূর্য ওঠার আগে মন আমাদের জাগে– বাতাস থেকে ভোর-বেলাকার সুর ধরি সব কত।। কে দেয় রে হাতছানি নীল পাহাড়ের মেঘে মেঘে, আভাস বুঝি জানি। পথ যে চলে বেঁকে বেঁকে অলখ-পানে ডেকে ডেকে ধরা যারে যায় না তারি ব্যাকুল খোঁজেই রত।।
তোমায় নতুন করে পাব বলে হারাই ক্ষণে ক্ষণ ও মোর ভালোবাসার ধন। দেখা দেবে বলে তুমি হও যে অদর্শন, ও মোর ভালোবাসার ধন॥ ওগো তুমি আমার নও আড়ালের, তুমি আমার চিরকালের-- ক্ষণকালের লীলার স্রোতে হও যে নিমগন, ও মোর ভালোবাসার ধন॥ আমি তোমায় যখন খুঁজে ফিরি ভয়ে কাঁপে মন-- প্রেমে আমার ঢেউ লাগে তখন। তোমার শেষ নাহি, তাই শূন্য সেজে শেষ করে দাও আপনাকে যে, ওই হাসিরে দেয় ধুয়ে মোর বিরহের রোদন, ও মোর ভালোবাসার ধন॥