মেঘ বলেছে 'যাব যাব', রাত বলেছে 'যাই', সাগর বলে 'কূল মিলেছে-- আমি তো আর নাই' ॥ দুঃখ বলে 'রইনু চুপে তাঁহার পায়ের চিহ্নরূপে', আমি বলে 'মিলাই আমি আর কিছু না চাই' ॥ ভুবন বলে 'তোমার তরে আছে বরণমালা', গগন বলে 'তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা'। প্রেম বলে যে 'যুগে যুগে তোমার লাগি আছি জেগে', মরণ বলে 'আমি তোমার জীবনতরী বাই' ॥
গানের ভেলায় বেলা অবেলায় প্রাণের আশা ভোলা মনের স্রোতে ভাসা ॥ কোথায় জানি ধায় সে বাণী, দিনের শেষে কোন ঘাটে যে ঠেকে এসে চিরকালের কাঁদা-হাসা ॥ এমনি খেলার ঢেউয়ের দোলে খেলার পারে যাবি চলে। পালের হাওয়ার ভরসা তোমার-- করিস নে ভয় পথের কড়ি না যদি রয়, সঙ্গে আছে বাঁধন-নাশা ॥
ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত তারা আজ কেঁদে শুধায়, 'সেই ডালে ফুল ফুটল কি গো, ওগো কও ফুটল কত।' তারা কয়, 'হঠাৎ হাওয়ায় এল ভাসি মধুরের সুদূর হাসি হায়। খ্যাপা হাওয়ায় আকুল হয়ে ঝরে গেলেম শত শত।' তারা কয়, 'আজ কি তবে এসেছে সে নবীন বেশে। আজ কি তবে এত ক্ষণে জাগল বনে যে গান ছিল মনে মনে। সেই বারতা কানে নিয়ে যা ই যাই চলে এই বারের মতো।'