রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান। পথে চলি, শুধায় পথিক 'কী নিলি তোর দান' ॥ দেখাব যে সবার কাছে এমন আমার কী-বা আছে, সঙ্গে আমার আছে শুধু এই কখানি গান ॥ ঘরে আমার রাখতে যে হয় বহু লোকের মন-- অনেক বাঁশি, অনেক কাঁসি, অনেক আয়োজন। বঁধুর কাছে আসার বেলায় গানটি শুধু নিলেম গলায়, তারি গলার মাল্য ক'রে করব মূল্যবান ॥
ভালোবাসিলে যদি সে ভালো না বাসে কেন সে দেখা দিল । মধু অধরের মধুর হাসি প্রাণে কেন বরষিল । দাঁড়িয়ে ছিলেম পথের ধারে, সহসা দেখিলেম তারে— নয়ন দুটি তুলে কেন মুখের পানে চেয়ে গেল ।।