আমি যাব না গো অমনি চলে। মালা তোমার দেব গলে॥ অনেক সুখে অনেক দুখে তোমার বাণী নিলেম বুকে, ফাগুনশেষে যাবার বেলা আমার বাণী যাব বলে॥ কিছু হল, অনেক বাকি। ক্ষমা আমায় করবে না কি। গান এসেছে সুর আসে নাই,হল না যে শোনানো তাই-- সে-সুর আমার রইল ঢাকা নয়নজলে॥
হাটের ধুলা সয় না যে আর, কাতর করে প্রাণ। তোমার সুরসুরধুনীর ধারায় করাও আমায় ম্লান॥ জাগাক তারি মৃদঙ্গরোল, রক্তে তুলুক তরঙ্গদোল, অঙ্গ হতে ফেলুক ধুয়ে সকল অসম্মান-- সব কোলাহল দিক্ ডুবায়ে তাহার কলতান॥ সুন্দর হে, তোমার ফুলে গেঁথেছিলেম মালা-- সেই কথা আজ মনে করাও, ভুলাও সকল জ্বালা। তোমার গানের পদ্মবনে আবার ডাকো নিমন্ত্রণে-- তারি গোপন সুধাকণা আবার করাও পান, তারি রেণুর তিলকলেখা আমায় করো দান॥