এসো এসো ফিরে এসো, বঁধু হে ফিরে এসো। আমার ক্ষুধিত তৃষিত তাপিত চিত, নাথ হে, ফিরে এসো। ওহে নিষ্ঠুর, ফিরে এসো, আমার করুণকোমল এসো, আমার সজলজলদস্নিগ্ধকান্ত সুন্দর ফিরে এসো, আমার নিতিসুখ ফিরে এসো, আমার চিরদুখ ফিরে এসো। আমার সবসুখদুখমন্থনধন অন্তরে ফিরে এসো। আমার চিরবাঞ্ছিত এসো, আমার চিতসঞ্চিত এসো, ওহে চঞ্চল, হে চিরন্তন, ভুজ- বন্ধনে ফিরে এসো। আমার বক্ষে ফিরিয়া এসো, আমার চক্ষে ফিরিয়া এসো, আমার শয়নে স্বপনে বসনে ভূষণে নিখিল ভুবনে এসো। আমার মুখের হাসিতে এসো, আমার চোখের সলিলে এসো, আমার আদরে আমার ছলনে আমার অভিমানে ফিরে এসো। আমার সকল স্মরণে এসো, আমার সকল ভরমে এসো, আমার ধরম-করম-সোহাগ-শরম-জনম-মরণে এসো ॥
মনে রবে কি না রবে আমারে সে আমার মনে নাই। ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই॥ চলে যায় দিন, যতখন আছি পথে যেতে যদি আসি কাছাকাছি তোমার মুখের চকিত সুখের হাসি দেখিতে যে চাই-- তাই অকারণে গান গাই॥ ফাগুনের ফুল যায় ঝরিয়া ফাগুনের অবসানে-- ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া, আর কিছু নাহি জানে। ফুরাইবে দিন, আলো হবে ক্ষীণ, গান সারা হবে, থেমে যাবে বীন, যতখন থাকি ভরে দিবে না কি এ খেলারই ভেলাটাই-- তাই অকারণে গান গাই॥