অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায়। কণাটুকু যদি হারায় তা লয়ে প্রাণ করে "হায় হায়' ॥ নদীতটসম কেবলই বৃথাই প্রবাহ আঁকড়ি রাখিবারে চাই, একে একে বুকে আঘাত করিয়া ঢেউগুলি কোথা ধায় ॥ যাহা যায় আর যাহা-কিছু থাকে সব যদি দিই সঁপিয়া তোমাকে তবে নাহি ক্ষয়, সবই জেগে রয় তব মহা মহিমায়। তোমাতে রয়েছে কত শশী ভানু, হারায় না কভু অণু পরমাণু, আমারই ক্ষুদ্র হারাধনগুলি রবে না কি তব পায় ॥
এবেলা ডাক পড়েছে কোন্খানে ফাগুনের ক্লান্ত ক্ষণের শেষ গানে। সেখানে স্তব্ধ বীণার তারে তারে সুরের খেলা ডুবসাঁতারে-- সেখানে চোখ মেলে যার পাই নে দেখা তাহারে মন জানে গো, মন জানে॥ এবেলা মন যেতে চায় কোন্খানে নিরালায় লুপ্ত পথের সন্ধানে। সেখানে মিলনদিনের ভোলা হাসি লুকিয়ে বাজায় করুণ বাঁশি, সেখানে যে কথাটি হয় না বলা সে কথা রয় কানে গো, রয় কানে॥