সখা, আপন মন নিয়ে কাঁদিয়ে মরি, পরের মন নিয়ে কী হবে। আপন মন যদি বুঝিতে নারি, পরের মন বুঝে কে কবে॥ অবোধ মন লয়ে ফিরি ভবে, বাসনা কাঁদে প্রাণে হা-হা-রবে-- এ মন দিতে চাও দিয়ে ফেলো, কেন গো নিতে চাও মন তবে॥ স্বপন সম সব জানিয়ো মনে, তোমার কেহ নাই এ ত্রিভুবনে-- যে জন ফিরিতেছে আপন আশে তুমি ফিরিছ কেন তাহার পাশে। নয়ন মেলি শুধু দেখে যাও, হৃদয় দিয়ে শুধু শান্তি পাও-- তোমারে মুখ তুলে চাহে না যে থাক্ সে আপনার গরবে॥
আমি ভয় করব না ভয় করব না। দু বেলা মরার আগে মরব না, ভাই, মরব না ॥ তরীখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে-- তাই ব'লে হাল ছেড়ে দিয়ে ধরব না, কান্নাকাটি ধরব না ॥ শক্ত যা তাই সাধতে হবে, মাথা তুলে রইব ভবে-- সহজ পথে চলব ভেবে পড়ব না, পাঁকের 'পরে পড়ব না ॥ ধর্ম আমার মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে-- বিপদ যদি এসে পড়ে সরব না, ঘরের কোণে সরব না ॥