যেতে দাও যেতে দাও গেল যারা। তুমি যেয়ো না, তুমি যেয়ো না, আমার বাদলের গান হয় নি সারা ॥ কুটিরে কুটিরে বন্ধ দ্বার, নিভৃত রজনী অন্ধকার, বনের অঞ্চল কাঁপে চঞ্চল-- অধীর সমীর তন্দ্রাহারা ॥ দীপ নিবেছে নিবুক নাকো, আঁধারে তব পরশ রাখো। বাজুক কাঁকন তোমার হাতে আমার গানের তালের সাথে, যেমন নদীর ছলোছলো জলে ঝরে ঝরোঝরো শ্রাবণধারা ॥
ক্ষমা কর মোরে তাত, আমি যে পাতকী ঘোর, না জেনে হয়েছি দোষী, মার্জ্জনা নাহি কি মোর! ও! সহে না যাতনা আর, শান্তি পাইব কোথায়-- তুমি কৃপা না করিলে নাহি যে কোন উপায়! আমি দীন হীন অতি-- ক্ষম ক্ষম কাতরে, প্রভু হে, করহ ত্রাণ এ পাপের পাথারে। কাফি-- আড়াঠেকা