আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয় আমার ভোলার আছে অন্ত, তোমার প্রেমের তো নাই ক্ষয় ॥ দূরে গিয়ে বাড়াই যে ঘুর, সে দূর শুধু আমারি দূর-- তোমার কাছে দূর কভু দূর নয় ॥ আমার প্রাণের কুঁড়ি পাপড়ি নাহি খোলে, তোমার বসন্তবায় নাই কি গো তাই বলে! এই খেলাতে আমার সনে হার মানো যে ক্ষণে ক্ষণে-- হারের মাঝে আছে তোমার জয় ॥
এ জন্মের লাগি তোর পাপমূল্যে কেনা মহাপাপভাগী এ জীবন করিলি ধিক্কৃত। কলঙ্কিনী ধিক্ নিশ্বাস মোর তোর কাছে ঋণী। তোমার কাছে দোষ করি নাই। দোষ করি নাই। দোষী আমি বিধাতার পায়ে, তিনি করিবেন রোষ-- সহিব নীরবে। তুমি যদি না করো দয়া সবে না, সবে না,সবে না॥ তবু ছাড়িবি না মোরে? ছাড়িব না, ছাড়িব না, ছাড়িব না, তোমা লাগি পাপ নাথ, তুমি করো মর্মাঘাত। ছাড়িব না।