আবার এরা ঘিরেছে মোর মন। আবার চোখে নামে আবরণ ॥ আবার এ যে নানা কথাই জমে, চিত্ত আমার নানা দিকেই ভ্রমে, দাহ আবার বেড়ে ওঠে ক্রমে, আবার এ যে হারাই শ্রীচরণ ॥ তব নীরব বাণী হৃদয়তলে ডোবে না যেন লোকের কোলাহলে। সবার মাঝে আমার সাথে থাকো, আমায় সদা তোমার মাঝে ঢাকো, নিয়ত মোর চেতনা-'পরে রাখো আলোকে-ভরা উদার ত্রিভুবন ॥
বজ্রে তোমার বাজে বাঁশি, সেকি সহজ গান! সেই সুরেতে জাগব আমি, দাও মোরে সেই কান ॥ আমি ভুলব না আর সহজেতে, সেই প্রাণে মন উঠবে মেতে মৃত্যু-মাঝে ঢাকা আছে যে অন্তহীন প্রাণ ॥ সে ঝড় যেন সই আনন্দে চিত্তবীণার তারে সপ্তসিন্ধু দশদিগন্ত নাচাও যে ঝঙ্কারে। আরাম হতে ছিন্ন ক'রে সেই গভীরে লও গো মোরে অশান্তির অন্তরে যেথায় শান্তি সুমহান ॥