নাই নাই নাই যে বাকি, সময় আমার-- শেষের প্রহর পূর্ণ করে দেবে না কি॥ বারে বারে কারা করে আনাগোনা, কোলাহলে সুরটুকু আর যায় না শোনা-- ক্ষণে ক্ষণে গানে আমার পড়ে ফাঁকি॥ পণ করেছি, তোমার হাতে আপনারে শেষ করে আজ চুকিয়ে দেব একেবারে। মিটিয়ে দেব সকল খোঁজা, সকল বোঝা, ভোরবেলাকার একলা পথে চলব সোজা-- তোমার আলোয় ডুবিয়ে নেব সজাগ আঁখি॥
অনেক কথা যাও যে ব'লে কোনো কথা না বলি। তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি॥ যে আছে মম গভীর প্রাণে ভেদিবে তারে হাসির বাণে, চকিতে চাহ মুখের পানে তুমি যে কুতূহলী। তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি। আমার চোখে যে চাওয়াখানি ধোওয়া সে আঁখিলোরে-- তোমারে আমি দেখিতে পাই, তুমি না পাও মোরে। তোমার মনে কুয়াশা আছে, আপনি ঢাকা আপন-কাছে-- নিজের অগোচরেই পাছে আমারে যাও ছলি তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি॥