যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর? আর পারি নে রাত জাগতে হে নাথ, ভাবতে অনিবার। আছি রাত্রিদিবস ধরে দুয়ার আমার বন্ধ করে, আসতে যে চায় সন্দেহে তায় তাড়াই বারে বার। তাই তো কারো হয় না আসা আমার একা ঘরে। আনন্দময় ভুবন তোমার বাইরে খেলা করে। তুমিও বুঝি পথ নাহি পাও, এসে এসে ফিরিয়া যাও, রাখতে যা চাই রয় না তাও ধুলায় একাকার।
আমি নিশিদিন তোমায় ভালোবাসি, তুমি অবসরমত বাসিয়ো। নিশিদিন হেথায় বসে আছি, তোমার যখন মনে পড়ে আসিয়ো ॥ আমি সারানিশি তোমা-লাগিয়া রব বিরহশয়নে জাগিয়া-- তুমি নিমেষের তরে প্রভাতে এসে মুখপানে চেয়ে হাসিয়ো ॥ তুমি চিরদিন মধুপবনে চির- বিকশিত বনভবনে যেয়ো মনোমত পথ ধরিয়া তুমি নিজ সুখস্রোতে ভাসিয়ো। যদি তার মাঝে পড়ি আসিয়া তবে আমিও চলিব ভাসিয়া, যদি দূরে পড়ি তাহে ক্ষতি কী-- মোর স্মৃতি মন হতে নাশিয়ো ॥