আমার কণ্ঠ হতে গান কে নিল ভুলায়ে, সে যে বাসা বাঁধে নীরব মনের কুলায়ে॥ মেঘের দিনে শ্রাবণ মাসে যূথীবনের দীর্ঘশ্বাসে আমার-প্রাণে সে দেয় পাখার ছায়া বুলায়ে॥ যখন শরৎ কাঁপে শিউলিফুলের হরষে নয়ন ভরে যে সেই গোপন গানের পরশে। গভীর রাতে কী সুর লাগায় আধো-ঘুমে আধো-জাগায়, আমার স্বপন-মাঝে দেয় যে কী দোল দুলায়ে॥
নাই যদি বা এলে তুমি এড়িয়ে যাবে তাই ব'লে? অন্তরেতে নাই কি তুমি সামনে আমার নাই ব'লে॥ মন যে আছে তোমায় মিশে, আমায় তবে ছাড়বে কিসে-- প্রেম কি আমার হারায় দিশে অভিমানে যাই ব'লে॥ বিরহ মোর হোক-না অকূল, সেই বিরহের সরোবরে মিলনকমল উঠছে দুলে অশ্রুজলের ঢেউয়ের 'পরে। তবু তৃষায় মরে আঁখি, তোমার লাগি চেয়ে থাকি-- চোখের 'পরে পাব না কি বুকের 'পরে পাই ব'লে॥