আমার ভুবন তো আজ হল কাঙাল, কিছু তো নাই বাকি, ওগো নিঠুর, দেখতে পেলে তা কি॥ তার সব ঝরেছে, সব মরেছে, জীর্ণ বসন ওই পরেছে-- প্রেমের দানে নগ্ন প্রাণের লজ্জা দেহো ঢাকি॥ কুঞ্জে তাহার গান যা ছিল কোথায় গেল ভাসি। এবার তাহার শূন্য হিয়ায় বাজাও তোমার বাঁশি। তার দীপের আলো কে নিভালো, তারে তুমি জ্বালো জ্বালো-- আমার আপন আঁধার আমার আঁখিরে দেয় ফাঁকি॥
কাছে ছিলে, দূরে গেলে--দূর হতে এসো কাছে। ভুবন ভ্রমিলে তুমি--সে এখনো বসে আছে॥ ছিল না প্রেমের আলো, চিনিতে পারো নি ভালো-- এখন বিরহানলে প্রেমানল জ্বলিয়াছে। জটিল হয়েছে জাল, প্রতিকূল হল কাল-- উন্মাদ তানে তানে কেটে গেছে তাল। কে জানে তোমার বীণা সুরে ফিরে যাবে কি না-- নিঠুর বিধির টানে তার ছিঁড়ে যায় পাছে॥
মেঘের 'পরে মেঘ জমেছে, আঁধার করে আসে। আমায় কেন বসিয়ে রাখ একা দ্বারের পাশে। কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে, আজ আমি যে বসে আছি তোমারি আশ্বাসে॥ তুমি যদি না দেখা দাও, কর আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল-বেলা। দূরের পানে মেলে আঁখি কেবল আমি চেয়ে থাকি, পরান আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে॥