যায় নিয়ে যায় আমায় আপন গানের টানে ঘর-ছাড়া কোন্ পথের পানে॥ নিত্যকালের গোপন কথা বিশ্বপ্রাণের ব্যাকুলতা আমার বাঁশি দেয় এনে দেয় আমার কানে॥ মনে যে হয় আমার হৃদয় কুসুম হয়ে ফোটে, আমার হিয়া উচ্ছলিয়া সাগরে ঢেউ ওঠে। পরান আমার বাঁধন হারায় নিশীথরাতের তারায় তারায়, আকাশ আমায় কয় কী-যে কয় কেউ বা জানে॥
সহসা ডালপালা তোর উতলা-যে ও চাঁপা, ও করবী! কারে তুই দেখতে পেলি আকাশে-মাঝে জানি না যে॥ কোন্ সুরের মাতন হাওয়ায় এসে বেড়ায় ভেসে ও চাঁপা, ও করবী! কার নাচনের নূপুর বাজে জানি না যে॥ তোরে ক্ষণে ক্ষণে চমক লাগে। কোন্ অজানার ধেয়ান তোমার মনে জাগে। কোন্ রঙের মাতন উঠল দুলে ফুলে ফুলে ও চাঁপা, ও করবী! কে সাজালে রঙিন সাজে জানি না যে॥