অসীম ধন তো আছে তোমার, তাহে সাধ না মেটে। নিতে চাও তা আমার হাতে কণায় কণায় বেঁটে ॥ দিয়ে তোমার রতনমণি আমায় করলে ধনী-- এখন দ্বারে এসে ডাকো, রয়েছি দ্বার এঁটে ॥ আমায় তুমি করবে দাতা, আপনি ভিক্ষু হবে-- বিশ্বভুবন মাতল যে তাই হাসির কলরবে। তুমি রইবে না ওই রথে, তুমি নামবে ধুলাপথে যুগ-যুগান্ত আমার সাথে চলবে হেঁটে হেঁটে ॥
কেন এলি রে, ভালোবাসিলি, ভালোবাসা পেলি নে। কেন সংসারেতে উঁকি মেরে চলে গেলি নে। সংসার কঠিন বড়ো কারেও সে ডাকে না, কারেও সে ধরে রাখে না। যে থাকে সে থাকে, আর যে যায় সে যায়, কারো তরে ফিরেও না চায়। হায় হায়, এ সংসারে যদি না পুরিল আজন্মের প্রাণের বাসনা, চলে যাও ম্লান মুখে, ধীরে ধীরে ফিরে যাও, থেকে যেতে কেহ বলিবে না। তোমার ব্যথা তোমার অশ্রু তুমি নিয়ে যাবে, আর তো কেহ অশ্রু ফেলিবে না।
আমার সুরে লাগে তোমার হাসি, যেমন ঢেউয়ে ঢেউয়ে রবির কিরণ দোলে আসি ॥ দিবানিশি আমিও যে ফিরি তোমার সুরের খোঁজে, হঠাৎ এ মন ভোলায় কখন তোমার বাঁশি ॥ আমার সকল কাজই রইল বাকি, সকল শিক্ষা দিলেম ফাঁকি। আমার গানে তোমায় ধরব ব'লে উদাস হয়ে যাই যে চলে, তোমার গানে ধরা দিতে ভালোবাসি ॥