আমার মুখের কথা তোমার নাম দিয়ে দাও ধুয়ে, আমার নীরবতায় তোমার নামটি রাখো থুয়ে। রক্তধারার ছন্দে আমার দেহবীণার তার বাজাক আনন্দে তোমার নামেরই ঝঙ্কার। ঘুমের 'পরে জেগে থাকুক নামের তারা তব, জাগরণের ভালে আঁকুক অরুণলেখা নব। সব আকাঙক্ষা আশায় তোমার নামটি জ্বলুক শিখা, সকল ভালোবাসায় তোমার নামটি রহুক লিখা। সকল কাজের শেষে তোমার নামটি উঠুক ফ'লে, রাখব কেঁদে হেসে তোমার নামটি বুকে কোলে। জীবনপদ্মে সঙ্গোপনে রবে নামের মধু, তোমায় দিব মরণ-ক্ষণে তোমারি নাম বঁধু ॥
আমার দোসর যে জন ওগো তারে কে জানে একতারা তার দেয় কি সাড়া আমার গানে কে জানে॥ আমার নদীর যে ঢেউ ওগো জানে কি কেউ যায় বহে যায় কাহার পানে। কে জানে॥ যখন বকুল ঝ'রে আমার কাননতল যায় গো ভ'রে তখন কে-আসে-যায় সেই বনছায়ায়, কে সাজি তার ভরে আনে। কে জানে॥