আমায় মুক্তি যদি দাও বাঁধন খুলে আমি তোমার বাঁধন নেব তুলে ॥ যে পথে ধাই নিরবধি সে পথ আমার ঘোচে যদি যাব তোমার মাঝে পথের ভুলে ॥ যদি নেবাও ঘরের আলো তোমার কালো আঁধার বাসব ভালো। তীর যদি আর না যায় দেখা তোমার আমি হব একা দিশাহারা সেই অকূলে ॥
আর নহে, আর নয়, আমি করি নে আর ভয়। আমার ঘুচল-কাঁদন, ফলল সাধন, হল বাঁধন ক্ষয় ॥ ওই আকাশে ওই ডাকে, আমায় আর কে ধ'রে রাখে-- আমি সকল দুয়ার খুলেছি, আজ যাব সকলময় ॥ ওরা ব'সে ব'সে মিছে শুধু মায়াজাল গাঁথিছে-- ওরা কী-যে গোনে ঘরের কোণে আমায় ডাকে পিছে। আমার অস্ত্র হল গড়া, আমার বর্ম হল পরা-- এবার ছুটবে ঘোড়া পবনবেগে, করবে ভুবন জয় ॥