পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়। আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়। মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়-- বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়-- আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়॥
না বলে যেয়ো না চলে মিনতি করি! গোপনে জীবন মন লইয়া হরি। সারা নিশি জেগে থাকি, ঘুমে ঢুলে পড়ে আঁখি, ঘুমালে হারাই পাছে সে ভয়ে মরি॥ চকিতে চমকি বঁধু, তোমারে খুঁজি-- থেকে থেকে মনে হয় স্বপন বুঝি। নিশিদিন চাহে হিয়া পরান পসারি দিয়া অধীর চরণ তব বাঁধিয়া ধরি॥