ওকে বোঝা গেল না--চলে আয় চলে আয়। ও কী কথা যে বলে সখী, কী চোখে যে চায়। চলে আয়, চলে আয়। লাজ টুটে শেষে মরি লাজে, মিছে কাজে, ধরা দিবে না যে, বলো কে পারে তায়। আপনি সে জানে তার মন কোথায়। চলে আয়, চলে আয়।
শুধু একটি গণ্ডূষ জল, আহা নিলেন তাঁহার করপুটের কমলকলিকায়। আমার কূপ যে হল অকূল সমুদ্র-- এই যে নাচে এই যে নাচে তরঙ্গ তাহার, আমার জীবন জুড়ে নাচে-- টলোমলো করে আমার প্রাণ, আমার জীবন জুড়ে নাচে। ওগো কী আনন্দ, কী আনন্দ, কী পরম মুক্তি! একটি গণ্ডূষ জল-- আমার জন্মজন্মান্তরের কালি ধুয়ে দিল গো শুধু একটি গণ্ডূষ জল॥