আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই কিছু নাই গো॥ তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও-- আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে, আর কিছু নাহি চাই গো॥ আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আর-কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস, তবে, তুমি যাহা চাও, তাই যেন পাও, আমি যত দুখ পাই গো॥
ঘরে মুখ মলিন দেখে গলিস নে-- ওরে ভাই, বাইরে মুখ আঁধার দেখে টলিস নে-- ওরে ভাই ॥ যা তোমার আছে মনে সাধো তাই পরানপণে, শুধু তাই দশজনারে বলিস নে-- ওরে ভাই ॥ একই পথ আছে ওরে, চলো সেই রাস্তা ধরে, যে আসে তারই পিছে চলিস নে-- ওরে ভাই! থাক্-না আপন কাজে, যা খুশি বলুক-না যে, তা নিয়ে গায়ের জ্বালায় জ্বলিস নে-- ওরে ভাই ॥