যিনি সকল কাজের কাজী মোরা তাঁরি কাজের সঙ্গী। যাঁর নানা রঙের রঙ্গ মোরা তাঁরি রসের রঙ্গী ॥ তাঁর বিপুল ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে, তিনি যেমনি বাজান ভেরী মোদের তেমনি নাচের ভঙ্গি ॥ এই জন্ম-মরণ-খেলায় মোরা মিলি তাঁরি মেলায়, এই দুঃখসুখের জীবন মোদের তাঁরি খেলার অঙ্গী। ওরে ডাকেন তিনি যবে তাঁর জলদ-মন্দ্র রবে ছুটি পথের কাঁটা পায়ে দ'লে সাগর গিরি লঙ্ঘি ॥
রোদনভরা এ বসন্ত সখী কখনো আসে নি বুঝি আগে। মোর বিরহবেদনা রাঙালো কিংশুকরক্তিমরাগে॥ কুঞ্জদ্বারে বনমল্লিকা সেজেছে পরিয়া নব পত্রালিকা, সারা দিন-রজনী অনিমিখা কার পথ চেয়ে জাগে॥ দক্ষিণসমীরে দূর গগনে একেলা বিরহী গাহে বুঝি গো। কুঞ্জবনে মোর মুকুল যত আবরণবন্ধন ছিঁড়িতে চাহে। আমি এ প্রাণের রুদ্ধ দ্বারে ব্যাকুল কর হানি বারে বারে-- দেওয়া হল না যে আপনারে এই ব্যথা মনে লাগে॥