যে ছিল আমার স্বপনচারিণী তারে বুঝিতে পারি নি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে॥ শুভক্ষণে কাছে ডাকিলে, লজ্জা আমার ঢাকিলে গো, তোমারে সহজে পেরেছি বুঝিতে॥ কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে, কাহার প্রেমের বেদনায় আমার মূল্য আছে, এ নিরন্তর সংশয়ে হায় পারি নে যুঝিতে-- আমি তোমারেই শুধু পেরেছি বুঝিতে॥
আর নহে, আর নহে-- বসন্তবাতাস কেন আর শুষ্ক ফুলে বহে॥ লগ্ন গেল বয়ে সকল আশা লয়ে, এ কোন্ প্রদীপ জ্বালো এ যে বক্ষ আমার দহে॥ কানন মরু হল, আজ এই সন্ধ্যা-অন্ধকারে সেথায় কী ফুল তোলো। কাহার ভাগ্য হতে বরণমালা হরণ করো, ভাঙা ডালি ভরো-- মিলনমালার কণ্টকভার কণ্ঠে কি আর সহে॥