যদি প্রেম দিলে না প্রাণে কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে?। কেন তারার মালা গাঁথা, কেন ফুলের শয়ন পাতা, কেন দখিন-হাওয়া গোপন কথা জানায় কানে কানে?। যদি প্রেম দিলে না প্রাণে কেন আকাশ তবে এমন চাওয়া চায় এ মুখের পানে? তবে ক্ষণে ক্ষণে কেন আমার হৃদয় পাগল-হেন তরী সেই সাগরে ভাসায় যাহার কূল সে নাহি জানে?।
না গো, এই যে ধুলা আমার না এ। তোমার ধুলার ধরার 'পরে উড়িয়ে যাব সন্ধ্যাবায়ে॥ দিয়ে মাটি আগুন জ্বালি রচলে দেহ পূজার থালি-- শেষ আরতি সারা ক'রে ভেঙে যাব তোমার পায়ে॥ ফুল যা ছিল পূজার তরে যেতে পথে ডালি হতে অনেক যে তার গেছে পড়ে। কত প্রদীপ এই থালাতে সাজিয়েছিলে আপন হাতে-- কত যে তার নিবল হাওয়ায়, পৌঁছল না চরণছায়ে॥