কখন বাদল-ছোঁওয়া লেগে মাঠে মাঠে ঢাকে মাটি সবুজ মেঘে মেঘে॥ ওই ঘাসের ঘনঘোরে ধরণীতল হল শীতল চিকন আভায় ভ'রে-- ওরা হঠাৎ-গাওয়া গানের মতো এল প্রাণের বেগে॥ ওরা যে এই প্রাণের রণে মরুজয়ের সেনা, ওদের সাথে আমার প্রাণের প্রথম যুগের চেনা-- তাই এমন গভীর স্বরে আমার আঁখি নিল ডাকি ওদের খেলাঘরে-- ওদের দোল দেখে আজ প্রাণে আমার দোলা ওঠে জেগে॥
আছে তোমার বিদ্যে-সাধ্যি জানা। রাজত্ব করা এ কি তামাশা পেয়েছ। জানিস না কেটা আমি। ঢের ঢের জানি-- ঢের ঢের জানি-- হাসিস নে হাসিস নে মিছে,যা যা-- সব আপন কাজে যা যা, যা আপন কাজে। খুব তোমার লম্বাচওড়া কথা! নিতান্ত দেখি তোমায় কৃতান্ত ডেকেছে!
আমি এলেম তারি দ্বারে, ডাক দিলেম অন্ধকারে হা রে॥ আগল ধরে দিলেম নাড়া-- প্রহরে গেল, পাই নি সাড়া, দেখতে পেলেম না যে তা রে হা রে॥ তবে যাবার আগে এখান থেকে এই লিখনখানি যাব রেখে-- দেখা তোমার পাই বা না পাই দেখতে এলেম জেনো গো তাই, ফিরে যাই সুদূরের পারে হা রে॥