আমার বাণী আমার প্রাণে লাগে-- যত তোমায় ডাকি, আমার আপন হৃদয় জাগে ॥ শুধু তোমায় চাওয়া সেও আমার পাওয়া, তাই তো পরান পরানপণে হাত বাড়িয়ে মাগে ॥ হায় অশক্ত, ভয়ে থাকিস পিছে। লাগলে সেবায় অশক্তি তোর আপনি হবে মিছে। পথ দেখাবার তরে যাব কাহার ঘরে-- যেমনি আমি চলি, তোমার প্রদীপ চলে আগে ॥
আরো একটু বসো তুমি, আরো একটু বলো। পথিক, কেন অথির হেন-- নয়ন ছলোছলো ॥ আমার কী যে শুনতে এলে তার কিছু কি আভাস পেলে-- নীরব কথা বুকে আমার করে টলোমলো ॥ যখন থাক দূরে আমার মনের গোপন বাণী বাজে গভীর সুরে। কাছে এলে তোমার আঁখি সকল কথা দেয় যে ঢাকি-- সে যে মৌন প্রাণের রাতে তারা জ্বলোজ্বলো ॥