পাতার ভেলা ভাসাই নীরে, পিছন-পানে চাই নে ফিরে ॥ কর্ম আমার বোঝাই ফেলা, খেলা আমার চলার খেলা। হয় নি আমার আসন মেলা, ঘর বাঁধি নি স্রোতের তীরে ॥ বাঁধন যখন বাঁধতে আসে ভাগ্য আমার তখন হাসে। ধুলা-ওড়া হাওয়ার ডাকে পথ যে টেনে লয় আমাকে-- নতুন নতুন বাঁকে বাঁকে গান দিয়ে যাই ধরিত্রীরে ॥
কে ডাকে! আমি কভু ফিরে নাহি চাই। কত ফুল ফুটে উঠে, কত ফুল যায় টুটে, আমি শুধু বহে চলে যাই। পরশ পুলক-রস ভরা রেখে যাই, নাহি দিই ধরা। উড়ে আসে ফুলবাস, লতাপাতা ফেলে শ্বাস, বনে বনে উঠে হা-হুতাশ, চকিতে শুনিতে শুধু পাই, চলে যাই। আমি কভু ফিরে নাহি চাই।