আপনাকে এই জানা আমার ফুরাবে না। এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা ॥ কত জনম-মরণেতে তোমারি ওই চরণেতে আপনাকে যে দেব, তবু বাড়বে দেনা ॥ আমারে যে নামতে হবে ঘাটে ঘাটে, বারে বারে এই ভুবনের প্রাণের হাটে। ব্যাবসা মোর তোমার সাথে চলবে বেড়ে দিনে রাতে, আপনা নিয়ে করব যতই বেচা কেনা ॥
আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে। আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে ॥ আমার অনেক দিনের আকাশ-চাওয়া আসবে ছুটে দখিন-হাওয়া, হৃদয় আমার আকুল করে সুগন্ধধন লুটবে ॥ আমার লজ্জা যাবে যখন পাব দেবার মতো ধন, যখন রূপ ধরিয়ে বিকশিবে প্রাণের আরাধন। আমার বন্ধু যখন রাত্রিশেষে পরশ তারে করবে এসে, ফুরিয়ে গিয়ে দলগুলি সব চরণে তার লুটবে ॥