ধূসর জীবনের গোধূলিতে
ধূসর জীবনের গোধূলিতে ক্লান্ত মলিন যেই স্মৃতি
মুছে-আসা সেই ছবিটিতে রঙ এঁকে দেয় মোর গীতি॥
বসন্তের ফুলের পরাগে যেই রঙ জাগে,
ঘুম-ভাঙা পিককাকলিতে যেই রঙ লাগে,
যেই রঙ পিয়ালছায়ায় ঢালে শুক্লসপ্তমীর তিথি॥
সেই ছবি দোলা খায় রক্তের হিল্লোলে,
সেই ছবি মিশে যায় নির্ঝরকল্লোলে,
দক্ষিণসমীরণে ভাসে, পূর্ণিমাজ্যোৎস্নায় হাসে--
সে আমারি স্বপ্নের অতিথি॥
রাগ : পঞ্চম
তাল : কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ) : ভাদ্র, ১৩৪৬
রচনাকাল (খৃষ্টাব্দ) : অগাস্ট, ১৯৩৯
রচনাস্থান :
স্বরলিপিকার: অগাস্ট, ১৯৩৯